চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতায় সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
রোববার (১৪ জুন) ভোর ৫টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। পুশ-ইনের চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে অবস্থানরত ১১ জনকে শনাক্ত করা হয়। বিজিবির উপস্থিতি ও সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয়।
পরে বিজিবি সদস্যরা ওই ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারের নিকটবর্তী এলাকায় রেখে আসে। পরবর্তীতে তারা কোথায় অবস্থান নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “পুশ-ইনসহ সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অপচেষ্টা প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের আওতাধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সার্বক্ষণিক নজরদারি বজায় রেখে দায়িত্ব পালন করছে।