দৈনিক খুলনা
The news is by your side.

হার্টের স্টেন্ট, চোখের লেন্স ও ডায়ালাইসিস উপকরণে কর অব্যাহতির প্রস্তাব

23

প্রতিবেদন:
ঢাকা প্রতিনিধি | দৈনিক খুলনা

সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানিকৃত হার্টের স্টেন্ট, চোখের ইন্ট্রাওকুলার লেন্স এবং কিডনি ডায়ালাইসিসের প্রয়োজনীয় উপকরণের ওপর বিদ্যমান ভ্যাট ও আগাম কর (এটি) সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবায় ব্যক্তিগত চিকিৎসা ব্যয় বা ‘আউট অব পকেট এক্সপেন্ডিচার’ বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি। এ ব্যয় কমানোর লক্ষ্যেই স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ চিকিৎসা উপকরণের ওপর কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, আমদানিকৃত হার্টের স্টেন্ট এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্সের সরবরাহ পর্যায়ে বিদ্যমান ১০ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর হলে প্রতিটি হার্টের স্টেন্টের মূল্য প্রায় ২০ হাজার টাকা এবং প্রতিটি ইন্ট্রাওকুলার লেন্সের মূল্য প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত কমে আসতে পারে।

এর ফলে হৃদরোগে আক্রান্ত রোগী এবং চোখের ছানি অপারেশন প্রয়োজন এমন ব্যক্তিরা উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর লক্ষ্যে হেমোডায়ালাইসিসে ব্যবহৃত ব্লাড টিউবিং সেটের আমদানি পর্যায়ে বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এই কর অব্যাহতি কার্যকর হলে কিডনি ডায়ালাইসিসের খরচও উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা গ্রহণকারী রোগীরা আর্থিক স্বস্তি পাবেন।

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত কর অব্যাহতি বাস্তবায়িত হলে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের চিকিৎসা ব্যয় কমবে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ হবে। সরকারের এ উদ্যোগকে জনস্বাস্থ্যবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।