দৈনিক খুলনা
The news is by your side.

কমপ্লায়েন্ট পোশাক কারখানার বার্ষিক বন্ড অডিট বাধ্যবাধকতা প্রত্যাহারের প্রস্তাব

20

প্রতিবেদন:
ঢাকা প্রতিনিধি | দৈনিক খুলনা

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং রপ্তানিমুখী শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে শতভাগ কমপ্লায়েন্ট পোশাকশিল্প প্রতিষ্ঠানের জন্য প্রতিবছর বন্ড অডিটের বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ ঘোষণা দেন।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, দেশের তৈরি পোশাক শিল্পের বিকাশে কাস্টমস বন্ড ব্যবস্থা এবং ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ অভিজ্ঞতার আলোকে শুধু পোশাক খাত নয়, অন্যান্য সম্ভাবনাময় রপ্তানিমুখী শিল্পের জন্যও কাস্টমস বন্ড সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, ব্যবসা সহজ করার লক্ষ্যে শতভাগ রপ্তানিমুখী ও কমপ্লায়েন্ট পোশাকশিল্প প্রতিষ্ঠানের জন্য প্রতিবছর বন্ড অডিটের বাধ্যবাধকতা বাতিলের প্রস্তাব করা হয়েছে। এর ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক জটিলতা ও হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া তৈরি পোশাক শিল্পের মতো শতভাগ রপ্তানিমুখী লেদারগুডস ও ফুটওয়্যার শিল্প, টাওয়েল, লিনেন এবং হোম টেক্সটাইল শিল্পপ্রতিষ্ঠানের জেনারেল বন্ডের মেয়াদ এক বছরের পরিবর্তে তিন বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, বন্ডেড ওয়্যারহাউসে এককালীন কাঁচামাল মজুতের বিদ্যমান সীমাবদ্ধতাও তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো কাঁচামাল ব্যবস্থাপনায় আরও বেশি সুবিধা পাবে এবং উৎপাদন কার্যক্রমে গতি আসবে।

সংশ্লিষ্ট ব্যবসায়ী মহল মনে করছে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে রপ্তানি খাতের ব্যবসা পরিচালনা আরও সহজ হবে এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।