দৈনিক খুলনা
The news is by your side.

হুইলচেয়ারে ভর করে নতুন স্বপ্ন: কেশবপুরে তিন প্রতিবন্ধী শিশুর মুখে হাসি

83

যশোরের কেশবপুর উপজেলায় মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা প্রশাসন। অসহায় ও চলাচলে অক্ষম তিন প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে, যা তাদের জীবনে স্বস্তি ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন আনুষ্ঠানিকভাবে এসব হুইলচেয়ার শিশুদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।

হুইলচেয়ারপ্রাপ্ত শিশুরা হলো—ভোগতীনরেন্দ্রপুর এলাকার মোস্তফা কামালের মেয়ে লামিয়া খাতুন, মাদারডাঙ্গা গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে রাজিবুল ইসলাম এবং গৌরীঘোনা গ্রামের সোহাগ ফকিরের ছেলে মাহিন হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলাচলে সীমাবদ্ধতায় ভোগা এসব শিশুর কষ্ট লাঘবের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। হুইলচেয়ার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, আর স্বস্তি প্রকাশ করেন তাদের অভিভাবকরাও।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন,সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের জীবনযাত্রা সহজ করতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ শুধু সহায়তা নয়, বরং সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা পৌঁছে দেয়।