দৈনিক খুলনা
The news is by your side.

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

29

কয়রা :

খুলনার কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন আনুমানিক ১১ কেজি। পরে বন বিভাগের সদস্য ও উদ্ধারকারী দলের সহযোগিতায় সাপটি নিরাপদে উদ্ধার করে সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের পাথরখালী ক্লোজার এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়াবাদ স্টেশনের আওতাধীন শাকবাড়িয়া বন টহল ফাঁড়ি সংলগ্ন পাথরখালী ক্লোজার এলাকার আফজাল সানার বাগানে অজগর সাপটি দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন।

পরে বিষয়টি শাকবাড়িয়া বন টহল ফাঁড়িতে জানানো হলে বন বিভাগের সদস্য ও ভিটিআরটির উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে সাপটি জীবিত উদ্ধার করে।

শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর রহমান বলেন, মোবাইল ফোনের মাধ্যমে পাথরখালী ক্লোজার এলাকায় একটি অজগর সাপ লোকালয়ে চলে আসার খবর পাই। পরে বন বিভাগের সদস্য ও ভিটিআরটির উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি জীবিত উদ্ধার করা হয় এবং সুন্দরবনের উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, সংরক্ষিত সুন্দরবন সংলগ্ন এলাকায় জোয়ারের পানি বৃদ্ধি, বৃষ্টিপাত কিংবা খাবারের সন্ধানে কখনো কখনো বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ের কাছাকাছি চলে আসে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগর সাপটি নিরাপদে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করলে আতঙ্কিত না হয়ে সেটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।

বন বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে লোকালয়ে চলে আসা প্রাণীকে হত্যা বা আঘাত না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নেওয়া জরুরি।