দৈনিক খুলনা
The news is by your side.

বঙ্গোপসাগরে জাহাজডুবি: বাবার অপেক্ষায় মারিফুল-মোয়াজ”

29

সাতক্ষীরা :

বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজডুবির ঘটনায় নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের (৩৫) অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার। তবে সমুদ্রের এই দুর্ঘটনার ভয়াবহতা এখনো বুঝতে পারেনি তার দুই শিশুসন্তান—পাঁচ বছরের মারিফুল জান্নাত ও তিন বছরের মোয়াজ আব্দুল্লাহ।

মোবাইল ফোন বেজে উঠলেই বাবার ভিডিও কলের আশায় ছুটে যায় তারা। শিশু দুটি জানে, সমুদ্রে কাজের ফাঁকে বাবা নিয়মিত তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলবেন। কিন্তু কয়েক দিন ধরে সেই ফোন আর আসছে না।

তারা শুধু জানে, বাবা হয়তো সমুদ্রের কাজে ব্যস্ত। তাই ফোন দিতে পারছেন না।

সাতক্ষীরা পৌরসভার আমতলা এলাকার ডক্টর আব্দুর রহিমের ছেলে আব্দুল্লাহ আল মামুন পানামার পতাকাবাহী ‘এমভি ওশান উইনার’ জাহাজে মেরিন প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ভারতের উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে যান্ত্রিক ত্রুটির মুখে জাহাজটি ডুবে যাওয়ার পর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা জানান, গত বুধবার সবশেষ স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মামুন। শনিবার দুপুরে অন্য সূত্রে জাহাজডুবির খবর পৌঁছায় বাড়িতে। এরপর থেকেই পরিবারের সদস্যদের মধ্যে নেমে আসে উদ্বেগ ও উৎকণ্ঠা।

বাড়িতে এখন স্বজন ও প্রতিবেশীদের ভিড়। সবার চোখে দুশ্চিন্তা আর অনিশ্চয়তার ছাপ। তবে মামুনের দুই শিশু সন্তান এখনো বাবার ফোনের অপেক্ষায় দিন কাটাচ্ছে।

মোবাইল ফোন বেজে উঠলেই তারা ভাবছে, হয়তো বাবা ফোন দিয়েছেন। মারিফুল মাঝেমধ্যে মাকে প্রশ্ন করে, “মা, বাবা ফোন দিচ্ছে না কেন?”

সন্তানের এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারছেন না মামুনের স্ত্রী। বাবার অপেক্ষায় থাকা দুই শিশুর দিকে তাকিয়ে পরিবারের অন্য সদস্যরাও আবেগাপ্লুত হয়ে পড়ছেন।

নিখোঁজ মামুনের বাবা ডক্টর আব্দুর রহিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলে সমুদ্রে থাকলেও ফোনের মাধ্যমে আমাদের নিয়মিত যোগাযোগ ছিল। জাহাজ ডুবে যাওয়ার এত সময় পার হলেও আমার ছেলেটা বেঁচে আছে কি না, সে খবরটুকুও পাচ্ছি না। সরকারের কাছে আকুল আবেদন, যেন দ্রুত আমার ছেলেকে উদ্ধারের ব্যবস্থা করা হয়।”

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কায়সার আজিজ জানান, ঘটনাটি জানার পরপরই নিখোঁজ মেরিন প্রকৌশলীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের উদ্ধারকারী দল ও কূটনৈতিক পর্যায়ে সার্বিক যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি বলেন, নিখোঁজ আব্দুল্লাহ আল মামুনের বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে তথ্য সংগ্রহ করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।