দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরার আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত

24

সাতক্ষীরা :
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড় ও দুর্যোগকালীন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিশেষ আগাম প্রস্তুতি ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং সানোফি ফাউন্ডেশনের অর্থায়নে, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার (এসিএফ) ও ‘উত্তরণ’-এর কেয়ার প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে প্রতাপনগর ইউনাইটেড একাডেমি প্রাঙ্গণে এ মহড়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়ার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডুর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মো. হারুনার রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার এবং আশাশুনি থানার অফিসার ইনচার্জ হারুনার রশীদ মৃধা

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী, আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান জমাদ্দার, এসিএফ-এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার খালেদা হাসান মুন, উত্তরণের টেকনিক্যাল ম্যানেজার রেজওয়ান উল্লাহ, প্রকল্প সমন্বয়কারী নাজমা আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মহড়ায় ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, আগাম সতর্কবার্তা প্রচার, নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর, জরুরি স্বাস্থ্যসেবা প্রদান এবং উদ্ধার কার্যক্রমে বিভিন্ন সংস্থার সমন্বিত ভূমিকা বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে সুন্দরবন নাট্যগোষ্ঠী একটি সচেতনতামূলক নাটক পরিবেশন করে। নাটকে উপকূলীয় অঞ্চলের মানুষের দুর্যোগকালীন স্বাস্থ্যসেবা, পারিবারিক নিরাপত্তা, আশ্রয়কেন্দ্রে অবস্থান এবং সচেতনতা বৃদ্ধির নানা বিষয় তুলে ধরা হয়। শত শত উপকূলীয় নারী-পুরুষ এ মহড়া ও নাটক উপভোগ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ও স্বাস্থ্যঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই জনগণকে আগাম প্রস্তুত করা এবং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। এ ধরনের সমন্বিত মহড়া দুর্যোগের সময় মানুষের জীবন ও সম্পদ রক্ষার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। একই সঙ্গে জনগণের সচেতনতা বৃদ্ধি ও পূর্বপ্রস্তুতি নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

মহড়ায় অংশগ্রহণকারীরা বাস্তব পরিস্থিতিতে করণীয় সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন। আয়োজকরা জানান, দুর্যোগপ্রবণ উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।