সাতক্ষীরা :
সাতক্ষীরায় মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন এবং মাদকবিরোধী অভিযান জোরদারের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জননিরাপত্তা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সাইবার মাধ্যমে সংঘটিত অপরাধ প্রতিরোধে বিশেষ নজরদারি এবং বিভিন্ন এলাকায় উসকানিমূলক মব কালচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া জেলার দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, মডেল মসজিদ নির্মাণকাজ ত্বরান্বিত করা এবং স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষার চর্চা বৃদ্ধিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হাসেমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন আব্দুস সালাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, বিএনপি নেতা আব্দুর রউফ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।