ফকিরহাট :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সমবায় সমিতির সদস্যদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে সমবায় সমিতির সদস্যদের হাতে এসব গাছের চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন আস্থা মহিলা সমবায় সমিতি, সবুজ কৃষি সমবায় সমিতি, গাবখালী মৎস্যজীবী সমবায় সমিতি, নবজীবন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, ফকিরহাট উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমবায় সমিতি, প্রবাহ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এবং মাসকাটা সাব-প্রজেক্ট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মোট ২০০ সদস্যের মাঝে ৪০০টি গাছের চারা বিতরণ করা হয়।
বিতরণ করা চারার মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সমবায় সমিতির সদস্যদের মধ্যে বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।