দৈনিক খুলনা
The news is by your side.

শ্বশুরবাড়িতে রাস্তা নিয়ে দ্বন্দ্ব, বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর বাটরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়নের কাটুকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি আবদুস সালামের ছেলে। তিনি করগাঁও ইউনিয়ন যুবদলের দফতর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, নিহত সোহেলের শ্বশুর শাহজাহান মিয়া ও চাচা শ্বশুর আকবর আলীর মধ্যে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর বিরোধপূর্ণ রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় শ্বশুরবাড়িতে থাকা সোহেল মিয়া এবং আকবর আলীর মেয়ের জামাতা কালু মিয়াও তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ সময় কালু মিয়া ও তার সঙ্গে থাকা কয়েকজন সোহেলকে বল্লম দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।