ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রতিদিন এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি বলছে, বুথের বাইরে টিকিট বিক্রিতে অনিয়ম রয়েছে। এর পাশাপাশি পরিচালনাকারী চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সেতু কর্তৃপক্ষের চুক্তিতেও দুর্বলতা রয়েছে বলে মনে করে দুদকের আভিযানিক দল।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের একটি বড় প্রকল্প। চুক্তি অনুযায়ী, দৈনিক যানবাহন চলাচল টানা ১৫ দিন ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত যানবাহনের টোল থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ বাংলাদেশ সরকার পাবে। আর দৈনিক যানবাহন চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে হলে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভর্তুকি পাবে।
তবে দুদকের কাছে অভিযোগ আসে, প্রতিদিন এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। এমন অভিযোগে রোববার (২২ নভেম্বর) রাজধানীর কুড়িলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি টিম।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম জানান, ব্যস্ত সময়ে টোল বুথের পাশাপাশি বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট বিক্রি করেন। এই পদ্ধতিতেই সরকারি রাজস্ব ফাঁকির সুযোগ রয়েছে।
এর পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনার ক্ষেত্রে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সেতু কর্তৃপক্ষের চুক্তিতে দুর্বলতা রয়েছে বলেও জানান তিনি।
যদিও এ বিষয়ে বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনার দায়িত্বে থাকা চীনের চায়না শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপ এবং সিনোহাইড্রো করপোরেশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দুদক জানায়, এখন পর্যন্ত যানবাহনের সংখ্যা ৮০ হাজারের বেশি হওয়ায় ৪৪ বার রাজস্ব পেয়েছে সরকার।