দৈনিক খুলনা
The news is by your side.

শার্শায় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন

17

শার্শা :

যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য ঘোষিত এডহক কমিটির সভাপতি তানজির ইসলাম খান কণির মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ী, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়সংলগ্ন যশোর-বেনাপোল মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা নবগঠিত এডহক কমিটির সভাপতির মনোনয়ন নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া উচিত, যার সামাজিক গ্রহণযোগ্যতা, শিক্ষাবান্ধব মনোভাব ও সর্বস্তরের মানুষের আস্থা রয়েছে। তানজির ইসলাম খান কণিকে সভাপতি মনোনয়ন দেওয়ার পর এলাকায় এ নিয়ে বিতর্ক ও অসন্তোষ তৈরি হয়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা তানজির ইসলাম খান কণির বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও মামলা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলেন, অতীতে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী সাবেক পুলিশ কর্মকর্তা মাহাবুদের পক্ষে রাজনৈতিক প্রচারণায় সক্রিয় ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন বলেও অভিযোগ করেন বক্তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে তানজির ইসলাম খান কণির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে কোনো বিতর্কিত ব্যক্তিকে রাখা হলে শিক্ষার পরিবেশ ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে মনোনয়ন পুনর্বিবেচনা করে তানজির ইসলাম খান কণির পদ বাতিল এবং একজন যোগ্য, শিক্ষানুরাগী ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগের দাবি জানান।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, শার্শা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আতিয়ার রহমান, প্রভাষক সালাউদ্দীন, সাংবাদিক মীর ফারুক হাসান, মোখলেস হোসেন, স্থানীয় ব্যবসায়ী লতিফুল, তানভীর, মনোয়ার হোসেন সাকিব ও আল আমিনসহ অনেকে।

উল্লেখ্য, গত ১২ আগস্ট যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুহা. এনামুল কবীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তানজির ইসলাম খান কণিকে বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকেই স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে এ নিয়ে অসন্তোষ দেখা দেয় বলে দাবি করেন আন্দোলনকারীরা।