দৈনিক খুলনা
The news is by your side.

রান্নাঘরে ‘ককটেল বিস্ফোরণে’ উড়ে গেল টিনের চাল, আহত ২

23

শরীয়তপুরে রান্নাঘরে প্লাস্টিকের ড্রামে মজুত রাখা বিপুলসংখ্যক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুটি বসতঘর ও দুটি রান্নাঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একটি টিনের চাল উড়ে গিয়ে পাশের বাঁশবাগানে গিয়ে পড়েছে। এ ঘটনায় দুই নারী গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি গ্রামের ফারুক সৈয়ালের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন ফারুক সৈয়ালের স্ত্রী রোকেয়া বেগম (৩৫) ও রশিদ সৈয়ালের স্ত্রী রাজিয়া বেগম (৬৫)। বিস্ফোরণে আশঙ্কাজনক অবস্থায় রোকেয়া বেগমকে উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর আহম্মেদ জানান, আহত রোকেয়া বেগমের শরীরে বোমা বিস্ফোরণজনিত মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সমাজপতি তমিজ খাঁ এবং মূলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদারের সমর্থকদের মধ্যে সংঘাত চলে আসছে। এই বিরোধের জের ধরে গত ১০ আগস্ট উভয় পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আব্দুল মান্নান সরদার (৬৫) নামের এক ব্যক্তি নিহত হন এবং ককটেল বিস্ফোরণে এক যুবকের হাতের কবজি উড়ে যায়। ওই ঘটনায় জাজিরা থানায় ৮৯ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়।

 

সেই ঘটনার মাস না পেরোতেই ফারুক সৈয়ালের বাড়িতে শনিবার আবারও এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। ফারুক সৈয়াল বিএনপি নেতা রেজাউলের সমর্থক হিসেবে পরিচিত হলেও রেজাউল শিকদার দাবি করেন, ফারুক সরাসরি কোনো দলীয় কর্মী নন।

 

বিস্ফোরণ ও সার্বিক নিরাপত্তা নিয়ে মূলনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন ভুলু ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় পুলিশের কড়া নজরদারি দরকার। আগে ছোটখাটো বিবাদে বাঁশ বা টেঁটা ব্যবহার হতো, আর এখন তুচ্ছ ঘটনাতেই ককটেল ফোটানো হচ্ছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। রান্নাঘরে প্লাস্টিকের ড্রামের ভেতর বিপুল পরিমাণ ককটেল মজুত রাখা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে ককটেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।