দৈনিক খুলনা
The news is by your side.

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের হেলপার নিহত

19

বেনাপোল :

যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান গাছের সঙ্গে ধাক্কা লেগে আরিফ হোসেন (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন বগুড়ার শেরপুর এলাকার বাসিন্দা।

নাভারন হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে যশোরের দিকে যাচ্ছিল কাভার্ড ভ্যানটি। খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে হেলপার আরিফ হোসেন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুখেন্দু কুমার মজুমদার জানান, দুর্ঘটনায় গুরুতর আহত আরিফ হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এসআই আনিছুর রহমান আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।