দৈনিক খুলনা
The news is by your side.

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন ড. মো. লতিফুল ইসলাম

24

পাইকগাছা :
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. লতিফুল ইসলাম। সোমবার (১৩ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ শাখার সিনিয়র সহকারী সচিব নাসরিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

নিয়োগের আগে তিনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে দীর্ঘদিন খুলনার পাইকগাছায় অবস্থিত ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্রে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

ড. লতিফুল ইসলাম ১৯৯৮ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে লোনাপানি কেন্দ্রে যোগদান করেন। একই কেন্দ্রে টানা ২৮ বছর কর্মরত থেকে তিনি পর্যায়ক্রমে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি লাভ করেন।

গবেষণা জীবনে তিনি উপকূলীয় অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ মাছ ও কাঁকড়ার চাষাবাদের উন্নত প্রযুক্তি এবং প্রজনন কৌশল উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশেষ করে কাঁকড়ার কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন প্রযুক্তি নিয়ে তাঁর গবেষণা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

ড. লতিফুল ইসলামের গবেষণালব্ধ ৫০টিরও বেশি প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-তে টানা তিনবার প্রথম স্থান অর্জন করেন।

তিনি ২০১৫ সালে মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া (University Sains Malaysia) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল “Mariculture: Breeding and Seed Production of Green Mud Crab (Scylla paramamosain) in Captive Condition”

চলতি বছরের এপ্রিল মাসে তাঁকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা ও পরিকল্পনা শাখায় বদলি করা হয়। পরবর্তীতে পরিচালক (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে নিয়োগ লাভ করেন।

তাঁর এই নিয়োগে মৎস্য গবেষণা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।