খুলনা :
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন অ্যাপ্লিকেশন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০টি ডিসিপ্লিনে অ্যাক্রেডিটেশন কার্যক্রম চলমান রয়েছে, যার মধ্যে ৬টি ডিসিপ্লিন ইতোমধ্যে সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা দিয়েছে। তথ্য-প্রমাণভিত্তিক মূল্যায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশন অর্জনে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষার জন্য আন্তর্জাতিক মানের সিলেবাস প্রণয়ন, কার্যকর পাঠদান, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা ও সময়মতো ফলাফল প্রকাশ নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার প্রতিটি ধাপের তথ্য ও নথি সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করতে হবে, যা ভবিষ্যতে কার্যকর গাইডলাইন হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী পর্ব শেষে কারিগরি অধিবেশনে ‘Preparation for Accreditation Application Framework and BAC Requirements’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এবং আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া ‘Preparing Accreditation Documents: Evidence and Submission Strategy’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দিন।
প্রশিক্ষণে অ্যাক্রেডিটেশন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।