দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৬৭ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

26

মোরেলগঞ্জ :

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পানি প্রবাহ পুনরুদ্ধার ও পরিবেশ সংরক্ষণে বাস্তবায়িত দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ হওয়ার পর অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ৪ কিলোমিটার খাল পুনঃখননের জন্য দুটি প্রকল্পে মোট ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কাজ শেষে প্রকল্পের অব্যয়িত ৪২ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া ভ্যাট ও আয়কর বাবদ ১৫ লাখ ৫৬ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে। সব মিলিয়ে প্রায় ৬৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আহসান উল্লাহ জানান, বলইবুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং খাউলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের পাশাপাশি ৬টি কাঠের সেতু (পুল) নির্মাণ এবং ১০ হাজার বৃক্ষের চারা রোপণের কাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্প দুটিতে মোট ৪৩৮ জন শ্রমিক অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ, পানি প্রবাহ সচল রাখা এবং দেশীয় মাছের আবাসস্থল পুনরুদ্ধারের লক্ষ্যে প্রকল্প দুটি বাস্তবায়ন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্প সম্পন্ন হওয়ায় বরাদ্দের পুরো অর্থ ব্যয় হয়নি। ফলে অব্যয়িত অর্থ বৃহস্পতিবার (২৩ জুলাই) সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।

প্রকল্প দুটি বাস্তবায়নের ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষিকাজে সুবিধা এবং জলজ পরিবেশ উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গ্রামবাসী ও প্রকল্পে কর্মরত শ্রমিকরা খাল পুনঃখনন ও অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার উদ্যোগকে স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন।