দৈনিক খুলনা
The news is by your side.

মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ পুড়ল ১০ যানবাহন

34

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আগুনে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এ সময় পুলিশের গাড়িসহ বিভিন্ন মামলায় আটকে রাখাসহ ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর)  বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১টা) এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ডে জড়ো হন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিতে দিতে মুকসুদপুর থানার সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে থানার ভিতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে মুকসুদপুর থানার ভেতরে ও বাইরে থাকা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে থানার ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র  পুড়ে যায়। এ সময় পুলিশের গাড়িসহ বিভিন্ন মামলায় আটকে রাখাসহ ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়। এ সময় থানায় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।

এ বিষয়ে জানতে কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মীর সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এর আগে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এ ঘটনা ঘটায়।

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই মহসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দেন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। থানা ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা।