দৈনিক খুলনা
The news is by your side.

ভোরে বিকট শব্দ, সকালে পাওয়া গেল ককটেল সদৃশ বস্তু

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের বনবিভাগ এলাকায় একটি পুকুরপাড় থেকে চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে বস্তুগুলো নিরাপদ স্থানে রাখা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে আব্দুল আজিজের পুকুরের ধার থেকে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। সকালে পুকুরপাড়ে গিয়ে লাল রঙের চারটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সকাল আনুমানিক ৯টার দিকে নীলফামারী সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে রাখে।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়া হয়েছে। ইউনিটের সদস্যরা পরীক্ষা করে নিশ্চিত করবেন, বস্তুগুলো আসলেই ককটেল কি না।