দৈনিক খুলনা
The news is by your side.

কেরানীগঞ্জ ও দোহারে ডিবির অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জ ও দোহারে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানা ও দোহার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের দুটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কেরানীগঞ্জ মডেল থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হোসেন ওরফে জাহিদ মিয়া (৪০) এবং দোহার উপজেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি জিল্লুর রহমান (৪৯)।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের খোলামোড়া মডেল টাউনের রসুলবাগ এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোহার থানার কার্তিকপুর বাজার এলাকায় চর বৈতা ব্রিজের কাছ থেকে জিল্লুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি চর বৈতা এলাকার বাসিন্দা।

ডিবি দক্ষিণের ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ২০২৬ সালের ১০ জুন ওই মামলা মামলা দায়ের করা হয়। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।