দৈনিক খুলনা
The news is by your side.

অনুকূল পরিবেশ না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

25
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ ক্ষেত্রে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানো এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের প্রত্যর্পণের বিষয়টি গুরুত্ব দিয়েছে ঢাকা।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম সরকারের এ অবস্থান তুলে ধরেন।

তিনি জানান, তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে। তবে দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক প্রকাশ্য বক্তব্যের কারণে সফর আয়োজনের প্রক্রিয়ায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

শহীদুল করিম বলেন, “আমরা মনে করি, এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।” এ লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধে দ্রুত ব্যবস্থা নিতে ভারতীয় কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে।

ওসমান হাদির হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের বিষয়ে তিনি বলেন, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অভিযুক্তদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা উচিত। এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে প্রতিবেশীসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ।

এদিকে, আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি দ্বিপক্ষীয় সফরের জন্যও তাকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি।

শেখ হাসিনার দিল্লিতে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়াকে কেন্দ্র করে তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও পরবর্তী সময়ে ঢাকা-দিল্লির কূটনৈতিক তৎপরতায় সম্ভাব্য দ্বিপক্ষীয় সফর নিয়ে আলোচনা শুরু হয়েছে।