দৈনিক খুলনা
The news is by your side.

ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশন প্রতিনিধি দলের SKILL-IT পরিদর্শন

108

 বাগেরহাট:

ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠান স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (SKILL-IT) পরিদর্শন করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাগেরহাটের নতুন ডিসি অফিসের সামনে অবস্থিত SKILL-IT পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স অ্যাডভাইজার মিস লুইস বেইনন, এশিয়া ফাউন্ডেশনের টিম লিডার সারা এল. টেইলর, ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স অ্যাডভাইজার মিস শাহনাজ করিম, ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মিস রোজি কুম্ব, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলামসহ অন্যরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মো. ফরিদুল ইসলাম প্রতিনিধি দলের পরিদর্শন কার্যক্রম সমন্বয় করেন। এ সময় তিনি লতিফ মাস্টার ফাউন্ডেশন, SKILL-IT এবং প্রতিষ্ঠানটির চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলের সদস্যদের অবহিত করেন।

প্রতিনিধি দলের সদস্যরা লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক সেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে ফাউন্ডেশনের উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা SKILL-IT-এর চলমান প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রতিষ্ঠানটির অবকাঠামো ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখেন। পরে স্থানীয় বিভিন্ন সিভিল সোসাইটি ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারা।

মতবিনিময় সভায় বিদেশে দক্ষ জনবল তৈরি, বেকারত্ব হ্রাস এবং যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি কেয়ারগিভিং ও জাপানি ভাষা প্রশিক্ষণকে গুরুত্ব দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

বিদেশের শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে আরও যুগোপযোগী করার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে সভায়।

এ ছাড়া এশিয়া ফাউন্ডেশন ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের মধ্যে ভবিষ্যতে দক্ষতা উন্নয়ন, যুব কর্মসংস্থান, সুশাসন, সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ের উন্নয়নমূলক কার্যক্রমে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের পরিদর্শন ও মতবিনিময়ের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে বাগেরহাটের স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।