দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি, মাসব্যাপী বিভিন্ন ওয়ার্ডে চারা রোপণের উদ্যোগ

31

বেনাপোল :

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বেনাপোল পৌরসভার পৌর গেট এলাকায় বিভিন্ন প্রজাতির প্রায় ১ হাজার ২০০টি শোভাবর্ধনকারী ও দৃষ্টিনন্দন গাছের চারা রোপণ করা হয়।

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের উদ্যোগে এবং পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিনি নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবু তাহের ভারত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গাছের গুরুত্ব অপরিসীম। গাছ অক্সিজেনের পাশাপাশি ফল, কাঠ ও পরিবেশের জন্য নানা ধরনের সুবিধা দিয়ে থাকে। তাই দেশের প্রতিটি এলাকায় বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় মাসব্যাপী বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডে কয়েক হাজার ফলজ, ঔষধি ও দৃষ্টিনন্দন গাছের চারা রোপণ করা হয়েছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আবু তাহের ভারত আরও বলেন, বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে দলের নেতা-কর্মীরা কাজ করছেন। এ কর্মসূচি বাস্তবায়নে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

তিনি পরিবেশ রক্ষায় দলীয় উদ্যোগের পাশাপাশি সরকারি পর্যায়েও ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।