কয়রা :
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে খুলনার কয়রা উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকশানা পারভীন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মহসিন আলী।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. আব্দুল্লাহ আল বাকী বলেন, “পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সহমর্মিতা শেখায়। এই প্রতিযোগিতার মাধ্যমে গ্রামীণ ও শহরের উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে।”
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ট্রফি তুলে দেন অতিথিরা।
সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।