দৈনিক খুলনা
The news is by your side.

বিশ্ব নবী কেবল মুসলিমদের নন সমগ্র সৃষ্টির মানবতার বার্তাবাহক-কেডিএ চেয়ারম্যান

5

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, আজকের এই দিনটি সমগ্র মানবজাতির ইতিহাসে এক চিরভাস্বর ও অনন্য দিন। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে আখেরি নবী, সৃষ্টিজগতের সর্বশ্রেষ্ঠ মানব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এই ধরাধামে তাশরিফ আনেন। আবার এই একই দিনে তিনি তাঁর প্রভুর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন।

মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনা পবিত্র মহাগ্রন্থ আল-কোরআনের সূরা আল-আনবিয়ার ১০৭নং আয়াতে মহান আল্লাহ তাআলার বানী উদ্বৃতি দিয়ে বলেন, “আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি।” তিনি কেবল মুসলিমদের জন্য নন, বরং সমগ্র সৃষ্টির জন্য শান্তি ও মানবতার বার্তাবাহক হিসেবে এসেছিলেন।

বুধবার (২৬ অগাস্ট) সকাল ১০টায় কেডিএ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে কেডিএ স্কুল এন্ড কলেজের সভাপতি এড. শফিকুল আলম মনা আরও বলেন, আজকের এই দিনে আমাদের শুধু ধর্মীয় অনুশাসন পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, আমাদের প্রিয় রাসুল (সা.)-এর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। ইসলামের প্রথম নির্দেশই ছিল ‘ইক্বরা’ অর্থাৎ ‘পড়ো’। আমাদের নবীজী (সা.) জ্ঞানার্জনকে প্রতিটি মুসলিমের জন্য ফরজ করেছেন। কেডিএ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী হিসেবে তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলো ছড়াতে হবে।

আজকের এই পবিত্র দিনে আমাদের অঙ্গীকার হোক; আমরা প্রিয় নবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণ করে সৎ, চরিত্রবান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবো। আমাদের প্রতিষ্ঠান থেকে যেন এমন সুশিক্ষিত আলো ছড়িয়ে পড়ে, যা সমাজ ও দেশকে আলোকিত করবে।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে কেডিএ স্কুল এন্ড কলেজ, খুলনায় হামদ্-নাত, ক্বেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেডিএ সচিব সৈয়দ ফারুক আহম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ইসলামী মূল্যবোধ চর্চাকে উৎসাহিত করতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ, সাম্য, শান্তি ও সৌহার্দ্যের শিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে দেশ, জাতি, শিক্ষাপ্রতিষ্ঠানের সকলের সুখ-সম্বৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রভাষক মুহাম্মদ রাজগুল ইসলাম।।