দৈনিক খুলনা
The news is by your side.

আজ আন্তর্জাতিক বাজারে সোনার ভরি কত?

4

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অপেক্ষায় বুধবার (২৬ আগস্ট) বিশ্ববাজারে সোনার দাম কিছুটা কমেছে। এর আগে মঙ্গলবার তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ দামে উঠেছিল মূল্যবান ধাতুটি।

বুধবার সকােলে স্পট গোল্ডের দাম দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৪২ দশমিক ৭৪ ডলারে নেমে আসে। তবে মার্কিন গোল্ড ফিউচারসের দাম দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৭০০ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

বর্তমান ডলার-টাকা বিনিময় হার ১ ডলার প্রায় ১২২.৮০ টাকা ধরে স্পট সোনার প্রতি আউন্সের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ৭০ হাজার ১২৮ টাকা।

আন্তর্জাতিক বাজারের ওজন অনুযায়ী ১ ট্রয় আউন্সে ৩১.১০৩৫ গ্রাম এবং ১ ভরিতে ১১.৬৬৪ গ্রাম ধরে হিসাব করলে প্রতি ভরি স্পট সোনার দাম দাঁড়ায় প্রায় ২ লাখ ১৩ হাজার ৮০২ টাকা।

তবে এটি আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে করা আনুমানিক হিসাব। বাংলাদেশের স্থানীয় বাজারে সোনার দাম নির্ধারণের সময় আমদানি খরচ, শুল্ক, কর, মজুরি ও অন্যান্য খরচ যুক্ত হওয়ায় প্রকৃত খুচরা দাম এর চেয়ে ভিন্ন হতে পারে।

গত সপ্তাহে মার্কিন ট্রেজারি দীর্ঘমেয়াদি বন্ড পুনঃক্রয়ের ঘোষণা দেওয়ার পর সোনার দামে বড় ধরনের উত্থান দেখা যায়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সোনার দাম মে মাসের মাঝামাঝির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

মূল্যস্ফীতির তথ্যের দিকে নজর

বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় বা পিসিই (PCE) মূল্যসূচকের দিকে। জুলাইয়ের এই মূল্যস্ফীতি প্রতিবেদন বুধবার প্রকাশ হওয়ার কথা রয়েছে।

ফেডারেল রিজার্ভ সুদের হার নির্ধারণের ক্ষেত্রে পিসিই মূল্যসূচককে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করে। তাই মূল্যস্ফীতির নতুন তথ্য থেকে আগামী মাসগুলোতে সুদের হার নিয়ে ফেডের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করছেন বিনিয়োগকারীরা।

এ ছাড়া শুক্রবার যুক্তরাষ্ট্রের জ্যাকসন হোলে ফেডের বার্ষিক সম্মেলনে ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্যের দিকেও নজর থাকবে বাজারের।

 

চলতি মাসের শুরুতে প্রকাশিত মার্কিন কর্মসংস্থান প্রতিবেদনে প্রত্যাশার চেয়ে কম নতুন চাকরি যুক্ত হওয়ার তথ্য পাওয়া যায়। একই সময়ে ভোক্তা মূল্যস্ফীতিও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। এতে সেপ্টেম্বরে ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা নিয়ে বাজারে আলোচনা বেড়েছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী মাসে ফেড সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা ৬১ দশমিক ৬ শতাংশ ধরে নিচ্ছেন ব্যবসায়ীরা।

এদিকে ভূরাজনৈতিক পরিস্থিতিতেও পরিবর্তন এসেছে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিবেশী ওমানের সঙ্গে আবার আলোচনা শুরু করেছে তারা। এর পর তেলের দাম কিছুটা কমেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ইরান যুদ্ধের কারণে জ্বালানি বাজারে যে ধাক্কা তৈরি হয়েছে, বৈশ্বিক অর্থনীতি তা আশঙ্কার তুলনায় ভালোভাবেই সামাল দিয়েছে। তবে কিছু দেশে সরকারি আর্থিক পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্লেষক ওয়াং তাওয়ের মতে, স্পট সোনার দাম ৪ হাজার ৬৮১ ডলারের স্তর ভেঙে ওপরে উঠতে পারলে দাম ৪ হাজার ৭০৭ থেকে ৪ হাজার ৭৪৩ ডলারের মধ্যে যেতে পারে।