দৈনিক খুলনা
The news is by your side.

বিশ্বকাপ ফাইনাল দেখতে যেতে বাধা, গৃহবধূকে নির্যাতনে স্বামী গ্রেফতার

29

লক্ষ্মীপুর :

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে যেতে নিষেধ করাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ভুক্তভোগীর দায়ের করা মামলায় অভিযুক্ত স্বামী জহিরুলকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার (২১ জুলাই) সকালে ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আটক জহিরুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, রোববার (১৯ জুলাই) উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ওয়াপদা টেক এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বিশ্বকাপ ফাইনাল দেখতে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে জহিরুল তার স্ত্রী মরিয়মকে বেধড়ক মারধর করেন। এতে তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

সোমবার (২০ জুলাই) ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম নেয়। ভিডিওটি দেখে অনেকেই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভিডিওতে দেখা যায়, নির্যাতনের শিকার গৃহবধূ যন্ত্রণায় চিৎকার করে কান্না করছেন। এ সময় তার স্বামী তাকে মারধর করছেন এবং দুজনের মধ্যে কথোপকথনও শোনা যায়। নির্যাতনের চিহ্ন হিসেবে তার হাত ফুলে যাওয়ার দৃশ্যও ভিডিওতে দেখা যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোমবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জহিরুলকে আটক করে। তিনি ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।