দৈনিক খুলনা
The news is by your side.

ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

26

মাগুরা :

মাগুরার মহম্মদপুর উপজেলায় ছোট বোনকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বড় বোনসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার মৌশা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলো- মৌশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে রাফিয়া (৩) এবং তার আপন ভাই আলিনুরের মেয়ে রাইসা (২)।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে খেলাধুলা করছিল রাফিয়া ও রাইসা। একপর্যায়ে অসাবধানতাবশত রাইসা পুকুরের পানিতে পড়ে যায়। ছোট বোনকে বাঁচাতে রাফিয়া পানিতে ঝাঁপ দিলে সেও পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত দুই শিশুকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, একসঙ্গে দুই নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।