দৈনিক খুলনা
The news is by your side.

বটিয়াঘাটার কাজীবাছা নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসমান

35

খুলনা : 

খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের কাজীবাছা নদীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখা গেছে।

শনিবার (২২ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা এলাকায় সার্বজনীন দুর্গা মন্দিরের পেছনে কাজীবাছা নদীতে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পান।

পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে বটিয়াঘাটা থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে রূপসা নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ উদ্ধারের কাজ চলমান ছিল।

মরদেহটির পরিচয়, বয়স কিংবা মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঘটনাটি কীভাবে ঘটেছে এবং মরদেহটি কোথা থেকে নদীতে এসেছে, তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। মরদেহ উদ্ধারের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।