দৈনিক খুলনা
The news is by your side.

পাটকেলঘাটার স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান, ওটি-প্যাথলজি সিলগালা

29

পাটকেলঘাটা :

সাতক্ষীরার পাটকেলঘাটায় ‘স্বাগতা ক্লিনিক’-এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব পরিচালনা, অপারেশন থিয়েটারে (ওটি) অনিয়ম এবং হালনাগাদ লাইসেন্স না থাকার অভিযোগে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে ক্লিনিকটির ওটি ও প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়। একই সঙ্গে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ক্লিনিকের ম্যানেজার অরুণ কুমার মন্ডলকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, মেডিকেল অফিসার (সিএস) ইসমত জাহান সুমনা এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী আশিক নেওয়াজসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, অভিযানের সময় ক্লিনিকটির হালনাগাদ বৈধ লাইসেন্স পাওয়া যায়নি। এছাড়া সরেজমিনে কোনো রেজিস্টার্ড চিকিৎসক বা ডিপ্লোমাধারী নার্সও পাওয়া যায়নি বলে তারা জানান।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের অভিযোগ, ক্লিনিকটির প্যাথলজি বিভাগেও নিয়ম মেনে কোনো অনুমোদিত প্যাথলজি টেকনিশিয়ান ছিলেন না। ম্যানেজার অরুণ কুমার মন্ডল নিজেই ল্যাবের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতেন বলে অভিযানে জানতে পারেন কর্মকর্তারা। তাঁর সরকারি সনদ বা প্রশিক্ষণ নেই বলেও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান।

অভিযানে অপারেশন থিয়েটারেও বিভিন্ন অনিয়মের বিষয় উঠে আসে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ওটি কক্ষের নির্ধারিত পরিমাপ ও প্রয়োজনীয় অ্যানাস্থেশিয়া সরঞ্জাম ছিল না। অস্ত্রোপচারের সময় চিকিৎসকের সহকারী হিসেবে নন-মেডিকেল কর্মীদের ব্যবহার করা হতো বলেও অভিযোগ পাওয়া যায়।

এ ছাড়া অস্ত্রোপচারের পর রোগী পর্যবেক্ষণের জন্য পৃথক কক্ষ, ওটি রেজিস্টার এবং চিকিৎসা-সংক্রান্ত নথিপত্রে প্রয়োজনীয় চিকিৎসকের স্বাক্ষরের ঘাটতি পাওয়া গেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, স্বাগতা ক্লিনিকে স্বাস্থ্যসেবার নামে রোগীদের জীবনঝুঁকির মধ্যে ফেলার মতো বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। ল্যাবে অনুমোদিত প্যাথলজি টেকনিশিয়ান না থাকার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

অভিযান শেষে ক্লিনিকটির প্যাথলজি ও অপারেশন থিয়েটারের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই ক্লিনিকে বহির্বিভাগের রোগী দেখা ছাড়া অন্য চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকবে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, “ক্লিনিকটিতে স্বাস্থ্যসেবার নামে রোগীদের সঙ্গে প্রতারণা ও জীবনঝুঁকি তৈরি করা হচ্ছিল। আমরা ওটি ও প্যাথলজি বিভাগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছি।”

তিনি আরও বলেন, রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ক্লিনিকের ম্যানেজার অরুণ কুমার মন্ডলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাকে গ্রেপ্তারের জন্য পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।