পাটকেলঘাটা :
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৫০০ টাকা বেশি দরে এলপিজি গ্যাস বিক্রির চেষ্টা প্রতিহত করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। শনিবার দুপুরে একটি ডিলার প্রতিষ্ঠানের প্রতিনিধিকে হাতেনাতে ধরার পর নির্ধারিত দামেই গ্যাস বিক্রি করতে বাধ্য করা হয়।
ব্যবসায়ী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পাটকেলঘাটা বাজারের দিনবন্ধু সাধুর দোকানে বসুন্ধরা এলপিজি গ্যাসের সিলিন্ডার সরবরাহ করতে আসেন কলারোয়া শিমুল স্টোরের বিক্রয় প্রতিনিধি রাজিব হোসেন। এসময় সরকার নির্ধারিত ২০৬০ টাকার পরিবর্তে সিলিন্ডার প্রতি ২৫০০ টাকা দাবি করা হলে দোকানদারের সাথে তার বাকবিতণ্ডা হয়।
খবর পেয়ে সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু, সাধারণ সম্পাদক রকিব সরদার এবং পাটকেলঘাটা বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মকবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা রাস্তায় দাঁড়িয়ে থাকা গ্যাস বহনকারী পিকআপটি আটক করেন এবং বাকি ১১০টি সিলিন্ডার সরকার নির্ধারিত দামেই বিক্রি নিশ্চিত করেন।
দোকানদার দিনবন্ধু সাধু বলেন, খুচরা বিক্রেতা হিসেবে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস কিনলে তা ক্রেতাদের কাছে বিক্রি করা অসম্ভব হয়ে পড়ে। তাই তারা এই অনৈতিক দাবির প্রতিবাদ জানান।
বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন অভিযোগ করেন, কিছু ডিলার কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার লোভে বেশি দামে গ্যাস বিক্রির চেষ্টা করছেন।
অন্যদিকে, শিমুল স্টোরের শহিদুল ইসলাম দাবি করেন, কোম্পানির কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় এবং উচ্চমূল্যে পণ্য কিনতে হওয়ায় তাদের দাম বাড়াতে হয়েছে।
সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি করার চেষ্টা করা হচ্ছে। সাধারণ মানুষকে ঠকানোর এই প্রচেষ্টাকে তারা সমর্থন করেন না এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেবেন।