সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে পাইকগাছায় অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-এর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত এবং থানার এসআই আতিকুর রহমান।
কর্মশালায় সুন্দরবন সুরক্ষা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রকল্প কর্মকর্তা সাকী রেজওয়ানা ও মনিটরিং কর্মকর্তা দীপ সাহা। এছাড়া বক্তব্য রাখেন জার্নালিজম ফর সুন্দরবন-এর যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো. আব্দুল আজিজ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, এইচ এম শফিউল ইসলাম, শিক্ষক নাহিদা আক্তার, রবিউল ইসলাম, এনজিও প্রতিনিধি মুক্তা বিশ্বাস, নাসরিন সুলতানা, রোজিনা খাতুন এবং ইয়ুথ ফর সুন্দরবন ফোরামের সদস্যরা।
বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণের কারণে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ দূষণ প্রতিরোধে প্রকল্পের আওতায় সুন্দরবন সংলগ্ন এলাকায় ১০ হাজার পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ১৭টি উপজেলায় গঠিত ইয়ুথ ফর সুন্দরবন ফোরামের ৫৩০ জন তরুণ-তরুণী জনসচেতনতা বৃদ্ধি ও বর্জ্য ব্যবস্থাপনায় প্রশিক্ষণ নিয়ে কাজ করছেন।
এছাড়া সরকারি কর্মকর্তা, বাজার কমিটি, ব্যবসায়ী, সুন্দরবন-নির্ভর পেশাজীবী এবং সাংবাদিকদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিবছর সুন্দরবন দিবস ও বিশ্ব পরিবেশ দিবস পালন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণও প্রকল্পের অন্যতম কার্যক্রম।
কর্মশালায় অংশগ্রহণকারীরা প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার ধাপে ধাপে কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্লাস্টিক দূষণ প্রতিরোধে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ এবং বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।