দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

21

পাইকগাছা :

খুলনার পাইকগাছায় দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে বাইসাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ

উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির (চতুর্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দ) অর্থায়নে উপজেলার ২০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ২০ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন এবং ৫ জন অসহায় ব্যক্তির মাঝে ভ্যান বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, জেলা জামায়াতের ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর আমির ডা. জি. এম. আসাদুল হক, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক এস. এম. আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আসাদুল ইসলাম, আবুল হাশেম, শাহজামান বাদশা, অ্যাডভোকেট আব্দুস সালামমুজাহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মসূচির সুফল সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ায় মনোযোগী হওয়ার এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।