দৈনিক খুলনা
The news is by your side.

পাঁচ বিভাগ ও কুমিল্লায় ২০০ শয্যার শিশু হাসপাতাল চালুর উদ্যোগ: প্রধানমন্ত্রী

16

 শিশুস্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী অক্টোবর মাসে একযোগে হাসপাতাল পাঁচটি চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালের নতুন ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন সম্পন্ন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক স্বাস্থ্যব্যবস্থার লক্ষ্য শুধু অবকাঠামো ও প্রযুক্তির সম্প্রসারণ নয়। উন্নত প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ, সুশাসন ও সময়োপযোগী নীতির সমন্বয়ের মাধ্যমে দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

তিনি বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট ভবন-২ উদ্বোধনের মাধ্যমে দেশের বিশেষায়িত স্বাস্থ্যসেবার সক্ষমতা আরও বাড়ল।

তারেক রহমান বলেন, ২০০৬ সালের ২৩ অক্টোবর এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া। সময়ের প্রয়োজনে আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত করে হাসপাতালটির পরিসর আরও সম্প্রসারিত হয়েছে।

হাসপাতালের সম্প্রসারণ ও নতুন ভবন নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসক, নার্স, হেলথ টেকনিশিয়ানসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক জটিলতা বর্তমানে বিশ্বজুড়ে একটি বড় স্বাস্থ্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দেশে স্ট্রোক, ইপিলেপসি বা খিঁচুনি, পারকিনসন্স ডিজিজ, ডিমেনশিয়া এবং মেরুদণ্ডের জটিল রোগে আক্রান্ত মানুষের জন্য আধুনিক ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন ক্রমেই বাড়ছে।

এ ধরনের রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশেষায়িত হাসপাতালের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

একই সঙ্গে শিশুদের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগ ও কুমিল্লায় ২০০ শয্যার শিশু হাসপাতাল চালুর কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর মাসে হাসপাতাল পাঁচটি একযোগে চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর চাপ কমাতে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়েও আধুনিক চিকিৎসার সুযোগ বাড়াতে হবে। এতে প্রত্যন্ত অঞ্চলের শিশু ও সাধারণ রোগীরা নিজ নিজ এলাকায় উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

দেশের স্বাস্থ্য খাতকে আরও আধুনিক ও জনবান্ধব করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।