দৈনিক খুলনা
The news is by your side.

নিষিদ্ধ কার্যক্রম প্রতিরোধে কেএমপির তৎপরতা, খুলনায় ৪ জন আটক

24

খুলনা :

১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম ও জনসম্মুখে উপস্থিতির অপচেষ্টা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)।

কেএমপি সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে খানজাহান আলী থানা পুলিশের একটি দল ফুলবাড়ীগেট রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় পারভীনের বাড়ির সামনে কয়েকজনকে একত্রিত হয়ে খাবার বিতরণ করতে দেখা যায়। পুলিশ তাদের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের পক্ষে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং নিষেধাজ্ঞা অমান্যের প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে।

পুলিশের দাবি, ১৫ আগস্টকে কেন্দ্র করে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জনসম্মুখে সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়া এবং পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা হতে পারে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—ফুলবাড়ীগেট এলাকার পারভীন বেগম (৫০), নীলা বেগম (৩২), বিলকিস বেগম (৪৩) এবং যোগীপোল এলাকার মো. বিল্লাল হোসেন (৩৫)।

কেএমপি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

কেএমপির পক্ষ থেকে বলা হয়েছে, আইনের শাসন ও জননিরাপত্তাই সর্বাগ্রে। আইন ভঙ্গ করলে পরিচয় নয়, অপরাধই বিবেচনার বিষয় হবে।