নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও কার্যকর করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় ভোক্তা অধিকার অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, সিটি করপোরেশনসহ মাঠপর্যায়ে ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্দেশনা অনুযায়ী, কমিটিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানযোগ্য ও দীর্ঘমেয়াদি সমস্যার পৃথক তালিকা প্রস্তুত করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় সুপারিশসহ এক মাসের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দিতে হবে।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে সদস্য করে এ তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের আশা, এই উদ্যোগের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।