বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ।
রোববার (১৪ জুন) জাতীয় সংসদে এ তথ্য নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বেনজীর আহমেদকে গ্রেফতারের জন্য পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলে আবেদন করে। পরবর্তীতে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) বাংলাদেশ সরকারকে ই-মেইলের মাধ্যমে জানায় যে দুর্নীতি মামলার আসামি বেনজীর আহমেদকে তাদের পুলিশ গ্রেফতার করেছে।
তিনি আরও জানান, গ্রেফতারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠাতে হবে। এ লক্ষ্যে দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ শুরু করেছে।
বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি ও পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ ঘটনাকে বাংলাদেশ পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন। ২০২৪ সালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুদক তদন্ত শুরু করলে তিনি দেশ ত্যাগ করেন।