দৈনিক খুলনা
The news is by your side.

দাকোপে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন

29

খুলন :

খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভার আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাঞ্জন বিশ্বাসের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকাবাসী। তাঁর বিরুদ্ধে অনিয়ম, অনৈতিক কর্মকাণ্ড এবং বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার মান ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক সুরাঞ্জন বিশ্বাস বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তাঁদের অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত জাতীয় সংগীত পরিবেশন করা হয় না। এ ছাড়া বিদ্যালয়ের গাছ ও চেয়ার-টেবিল বিক্রি, স্লিপের বরাদ্দের টাকা ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে আত্মসাৎ, বিদ্যালয়ের কক্ষে তালা দিয়ে অশ্লীল ভিডিও দেখা এবং বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবহার করে ব্যক্তিগত মোটরসাইকেল চার্জ করার মতো কর্মকাণ্ডের অভিযোগও তোলেন তাঁরা।

বক্তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রধান শিক্ষক সুরাঞ্জন বিশ্বাসকে অবিলম্বে অপসারণের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ভূমিদাতা সদস্য শশাঙ্ক গোলদার, অভিভাবক সদস্য লিটন গোলদার, মান্নান শেখ, ইমরামুল মোল্যা, মো. ফজলুল হক, মো. রোকন গাজী, আব্দুল্লাহ আকুঞ্জী, শাহাদাৎ গাজী, আলী ঢালী, বাবুল আকুঞ্জী, নুর ইসলাম, অসিত সানা, সঞ্জয় গোলদার, গোরা চাঁদ মণ্ডল, নিলুফার ইসলাম, মনিরা বেগম ও পঙ্কজ মণ্ডলসহ স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।

তবে প্রধান শিক্ষক সুরাঞ্জন বিশ্বাস তাঁর বিরুদ্ধে ওঠা সব অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করেছেন।