দাকোপ :
খুলনা জেলা পরিষদের উদ্যোগে দাকোপ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ এবং উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান (বাপ্পী)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের কর্মসূচি পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও বৃক্ষপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।