দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি রোগ শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে রোগীর প্রতি চিকিৎসকের মানবিক আচরণের কোনো বিকল্প নেই। চিকিৎসক, রোগী ও উদ্বিগ্ন স্বজন—এই তিন পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও মানবিক সম্পর্ক থাকা প্রয়োজন।
তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। বিশেষ করে শিশুস্বাস্থ্যের প্রতি সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে।
প্রধানমন্ত্রী জানান, আগামী অক্টোবরে পাঁচটি বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করবে সরকার।
তিনি আরও বলেন, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার সাফল্য শুধু সরকারের ওপর নির্ভর করে না; এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকার ওপরও এর সফলতা নির্ভরশীল।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পরে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। নতুন ভবন যুক্ত হওয়ায় হাসপাতালটির চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।