দৈনিক খুলনা
The news is by your side.

কালকিনিতে মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

23

মাদারীপুর

: মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার পাশে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে মাদ্রাসার পাশের ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ একটি বোমাসদৃশ বস্তু বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

আহতদের মধ্যে আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) রয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের কারণ ও উৎস সম্পর্কে তদন্ত শুরু করেছে।

বাড়ির মালিক ইমন সরদার বলেন, তার বসতঘরের সামনে কীভাবে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, সকালে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জানা যায়, মাদ্রাসার পাশে বিস্ফোরণে প্রায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, মাদ্রাসার কাছে বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের উৎস ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। বিস্ফোরিত বস্তুটি কী ছিল, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।