খুলনা নগরীর শিববাড়ি মোড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে স্থাপিত ‘সবার আগে বাংলাদেশ’ লেখা তোরণ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এ হামলা চালিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণের পর তোরণের একাংশে আগুন ধরে গেলেও পুলিশের দ্রুত পদক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত শিববাড়ি মোড়ে স্থাপিত তোরণটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরিত হলে তোরণের একাংশে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন এবং হামলাকারীদের ধাওয়া দেন। পুলিশ ধাওয়া দিলে তারা মোটরসাইকেল যোগে নিউ মার্কেট হয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শিববাড়ি মোড়ে স্থাপিত নতুন কুঁড়ি স্পোর্টসের ব্যানার ও তোরণ লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগেও নগরীর শিববাড়ি মোড়ে জুলাই সনদসংক্রান্ত একটি স্থাপনাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। নতুন করে এই হামলার ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।