দৈনিক খুলনা
The news is by your side.

কেসিসির ঝুঁকিপূর্ণ ঘোষিত ভবন অপসারণে বাধা

45

 খুলনা:

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) প্রায় তিন বছর আগে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অপসারণের নির্দেশ দিলেও নগরীর ৮৩, লোয়ার যশোর রোডের ভবনটি এখনো ভাঙা হয়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

কেসিসির সম্পত্তি শাখা থেকে ২০২৩ সালের ২১ আগস্ট জারি করা এক পত্রে ভবনটিকে বসবাসের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে এক মাসের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নির্দেশনা অমান্য করলে খুলনা সিটি কর্পোরেশন আইন, ২০০৯ অনুযায়ী জনস্বার্থে ভবন অপসারণ এবং ব্যয় সংশ্লিষ্ট মালিকদের কাছ থেকে আদায়ের কথা উল্লেখ করা হয়।

এদিকে ভবনটির মালিকদের দাবি, তারা একাধিকবার ভবনটি অপসারণের উদ্যোগ নিলেও একটি দুষ্কৃতী চক্র বারবার বাধা সৃষ্টি করছে। এমনকি কেসিসি কর্তৃক ভবনের সামনে স্থাপন করা সতর্কীকরণ সাইনবোর্ডও খুলে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

ভবন মালিকদের ভাষ্য, ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের বিষয়ে তারা বারবার সিটি কর্পোরেশনকে অবহিত করেছেন। কিন্তু অভিযোগ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ভবনটি যেমন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়ে গেছে, তেমনি জননিরাপত্তাও হুমকির মুখে রয়েছে।

অন্যদিকে খুলনা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে আইন অনুযায়ী নোটিশ প্রদান এবং সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। তবে পরবর্তীতে সেই সাইনবোর্ড সরিয়ে ফেলার বিষয়টি তাদের নজরে এসেছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের প্রশ্ন, ঝুঁকিপূর্ণ ঘোষণা করা একটি ভবন দীর্ঘ সময় ধরে কেন অপসারণ করা হলো না, কারা এর পেছনে থেকে বাধা সৃষ্টি করছে এবং সরকারি নির্দেশনা অমান্য করে সাইনবোর্ড অপসারণের ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন।

এ বিষয়ে ভবন মালিক দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে বলেন, জননিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত অপসারণ, সাইনবোর্ড অপসারণকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবন অপসারণে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।