দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দেশে নৈরাজ্য ও সহিংসতার অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বিএনপি নেতৃবৃন্দ

1

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে যশোরের কেশবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মঙ্গলকোট ইউনিয়ন বিএনপি।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাক আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস বলেন, দেশের মানুষ আর কোনো ধরনের নৈরাজ্য, অস্থিতিশীলতা ও সহিংসতা দেখতে চায় না। জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সবসময় রাজপথে সোচ্চার থাকবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতার অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাক আহমেদ বলেন, মঙ্গলকোট ইউনিয়নের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের গভীর সম্পর্ক রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি যেন দেশের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই আমরা সকল অন্যায় ও অপতৎপরতার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অব্যাহত রাখব।

সমাবেশে বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনের আহ্বান জানান। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মঙ্গলকোট ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মসূচি শেষ হয়।