দৈনিক খুলনা
The news is by your side.

স্বাভাবিক ছন্দে ফিরেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল

1

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত রয়েছে। আজ (সোমবার) সকাল থেকেই স্বতঃস্ফূর্ত ও স্বাভাবিক পরিবেশে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন তৈরি পোশাকসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা। শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী আজও আশুলিয়ায় ২৭টি কারখানা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ।

​সরেজমিনে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, বাইপাইল, জিরাবো এবং সাভারের হেমায়েতপুর ও উলাইল এলাকার বিভিন্ন কারখানা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করছেন এবং নির্ধারিত সময়ে উৎপাদন কাজ শুরু করেছেন।

​শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানার সামনে শিল্প পুলিশ, থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পাশাপাশি, মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে সার্বক্ষণিক টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​আশুলিয়া শিল্প পুলিশ-১- এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী আশুলিয়া ২৭টি কারখানা বন্ধ রয়েছে।

এছাড়া শিল্পাঞ্চলের পরিবেশ পুরোপুরি স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের নিরাপত্তা ও কারখানার উৎপাদন নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর নেই।

 

কারখানাগুলোতে স্বাভাবিক গতিতে উৎপাদন চলতে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন শিল্পমালিক ও সংশ্লিষ্টরা।