কেশবপুর :
যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃংখলা কমিটির মাসিক সভায় একজন সাংবাদিককে মামলা ছাড়াই পুলিশি হয়রানির অভিযোগ তোলা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এই বিষয়টি আলোচনায় আসে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস অভিযোগ করেন যে, প্রেসক্লাবের সদস্য আশরাফুজ্জামানকে কোনো প্রকার মামলা ছাড়াই পুলিশি হয়রানির শিকার করা হচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহেনেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. সাহিদুর রহমান সাইদ, পৌর জামায়াতের আমির মো. জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী।
আইনশৃংখলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সভায় অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কেশবপুর পৌর শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।