দৈনিক খুলনা
The news is by your side.

কেইউ ইউআরপি-ইডিজিই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

13

খুলনা:

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনে পরিচালিত ‘কেইউ ইউআরপি-ইডিজিই ট্রেনিং প্রোগ্রাম’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সফট স্কিল ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর সমান গুরুত্ব দিতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য বলেন, উন্নত দেশগুলোর অগ্রগতির অন্যতম ভিত্তি প্রযুক্তিগত উৎকর্ষতা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমানে দৈনন্দিন জীবনের নানা কাজকে সহজ করেছে। তাই শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়ার পাশাপাশি নেটওয়ার্কিং সক্ষমতাও বৃদ্ধি করতে হবে।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি খাত প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ফলে শিক্ষার্থীদের নিয়মিত নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন এবং নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই এবং শেখারও নির্দিষ্ট কোনো বয়স নেই। একজন শিক্ষার্থীকে একাডেমিক জ্ঞানের পাশাপাশি যুগোপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মক্ষেত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম। এছাড়া পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

ইউআরপি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. জাকির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ হা-মীম

প্রশিক্ষণার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন জেরিন তাসনিমমাহমুদুল হাসান। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে ইউআরপি ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ব্যাচের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বাস্তবায়নাধীন ‘ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই)’ প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।