খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং এর পূর্বসূরি প্রতিষ্ঠান খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার) কুয়েট ক্যাম্পাসে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের উদ্যোগে আয়োজিত এ সভায় দেশ-বিদেশে কর্মরত সকল অ্যালামনাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কুয়েটের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পর্ক আরও সুদৃঢ় করা, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমে অ্যালামনাইদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং কুয়েটকে একটি বিশ্বমানের গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনকেন্দ্র হিসেবে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণ এবং জাতীয় উন্নয়নে কুয়েটের অবদান আরও জোরদার করার বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হবে।
বর্তমানে কুয়েট দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিজ্ঞান, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, পরিবেশ, জ্বালানি ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উল্লেখযোগ্য অবদান রাখছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, কুয়েটের ধারাবাহিক অগ্রযাত্রায় প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা, পরামর্শ ও সহযোগিতা ভবিষ্যৎ উন্নয়নে বিশেষ সহায়ক হবে।
মতবিনিময় সভায় অংশগ্রহণে আগ্রহী সকল অ্যালামনাইকে আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে নির্ধারিত অনলাইন ফরম ( নিবন্ধন লিংক: https://forms.gle/
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, দেশের উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা কুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এ মতবিনিময় সভা একটি ফলপ্রসূ, তাৎপর্যপূর্ণ ও ভবিষ্যতমুখী আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হবে।