দৈনিক খুলনা
The news is by your side.

হত্যা মামলায় সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার দেখানোর আদেশ

24

সাতক্ষীরা: 
সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি-কে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৪ জুন) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডলের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও বিশেষ ক্ষমতা আইনের তিনটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর নতুন করে একটি হত্যা মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করলে আসামিপক্ষ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সেঁজুতির আইনজীবী অ্যাডভোকেট আল মাহামুদ জানান, দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিন পাওয়ার প্রক্রিয়ার মধ্যেই ২০২৫ সালের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি দাবি করেন, মামলার এজাহারে তার নাম উল্লেখ নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মামলায় জড়ানো হয়েছে।

মামলার নথি অনুযায়ী, সাতক্ষীরা সদরের ধুলিহর গ্রামের পারুল বেগম বাদী হয়ে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩৬৪, ৩০২, ২০১ ও ৩৪ ধারায় আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০২০ সালের ২৬ মার্চ রাতে একদল ব্যক্তি তার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং তার স্বামী অহেদ আলীকে অপহরণের পর হত্যা করে।

বাদীর অভিযোগ আমলে নিয়ে আদালত বিষয়টি এজাহার হিসেবে গ্রহণ করে সাতক্ষীরা সদর থানাকে মামলা রেকর্ডের নির্দেশ দেন। মামলায় অতিরিক্ত পুলিশ সুপার, তৎকালীন ডিবি ওসি, সদর থানার তৎকালীন ওসিসহ ৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, লায়লা পারভীন সেঁজুতি ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ স ম আলাউদ্দীন-এর কন্যা।