দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় নাগরিক অংশগ্রহণ ও সুশাসন শক্তিশালীকরণে উপকারভোগী সম্মেলন

32

কয়রা :

খুলনার কয়রায় নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি ও সুশাসন শক্তিশালীকরণে উপকারভোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কয়রা সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা আমাল ফাউন্ডেশনের ‘নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত কয়রা উপজেলার উত্তর বেদকাশী ও মহারাজপুর ইউনিয়নে প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের আওতায় ৮০টি কমিউনিটি গ্রুপের মাধ্যমে ২ হাজার ৪০০ জন প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীকে সরাসরি সম্পৃক্ত করা হয়েছে।

প্রকল্পের আওতায় নারীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, উঠান বৈঠক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, স্মার্ট কৃষি বিষয়ে প্রশিক্ষণ, সামাজিক নাটক আয়োজন এবং সরকারি আইনগত সহায়তা গ্রহণের সঙ্গে সংযোগ তৈরিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

মো. আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খাতুন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আকরাম হোসেন ও সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল আলম।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। একই সঙ্গে নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবার সঙ্গে জনগণের কার্যকর সংযোগ তৈরির মাধ্যমে সুশাসন আরও শক্তিশালী করা যায়।

সম্মেলনে প্রকল্পের উপকারভোগী নারী, স্থানীয় প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।